রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া-র একটি তেল পাইপলাইনে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, বাল্টিক সাগরসংলগ্ন প্রিমোরস্ক বন্দরের কাছে এ হামলার ঘটনায় পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই এলাকায় ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাইপলাইনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইপলাইনটি নিরাপদভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বিজ্ঞাপন
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। সুমি অঞ্চলেও রাতের ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
এদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের নিকোপোল শহরের একটি বাজারে হামলায় পাঁচজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গাঞ্জা। পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে আলাদা হামলায় ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ভাদিম ফিলাশকিন।
ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কয়েকটি ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ড্রোন হামলায় কুয়েতের তেল স্থাপনায় আগুন
এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা সাম্প্রতিক সময়ে স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তাম্বুলে বৈঠক করেছেন। বৈঠকে যুদ্ধ পরিস্থিতি ও শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হয়। তুরস্ক আলোচনায় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এবং কৃষ্ণসাগরে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।
সূত্র: এএফপি, আল-জাজিরা, রয়টার্স








