পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখছে ইরান

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা নিরসনে পাকিস্তানের পাঠানো নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
ওই কর্মকর্তা জানান, প্রস্তাবটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর মার্চের মাঝামাঝি ১৫ দফা প্রস্তাব পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়নি ইরান।
বিজ্ঞাপন
পরবর্তীতে আবারও পাকিস্তানের মাধ্যমেই নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়। এতে দুই ধাপে সংঘাত কমানোর পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রথম ধাপে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খোঁজার প্রস্তাব রাখা হয়েছে।
এ প্রস্তাবে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা এবং হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ প্রত্যাহারের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতির সময় প্রণালিটি উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে।
তবে ইরানের ওই কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার প্রস্তাবে আপাতত একমত নয় তেহরান। অর্থাৎ সাময়িক যুদ্ধবিরতির সময়ও এ অবরোধ তুলে নেওয়ার বিষয়ে অনীহা রয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠানোর পর রোববার ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না পেলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।








