Logo

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ লেবানন, নিহত ২৫৪ জন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৪
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ লেবানন, নিহত ২৫৪ জন
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় দেশটির বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এতে অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস বলেছে, ঘনবসতিপূর্ণ এলাকায় এমন হামলা অত্যন্ত ‘বিধ্বংসী’ এবং এতে তারা ক্ষোভ প্রকাশ করেছে। সংস্থাটির লেবানন প্রধান অ্যাগনেস ধুর জানান, কোনো কার্যকর পূর্ব সতর্কতা ছাড়াই বিশেষ করে রাজধানী বৈরুতসহ জনবহুল এলাকায় ভারী বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, অনেক মানুষ যারা ঘরে ফেরার আশা করছিলেন, তারা এখন আশ্রয়ের খোঁজে রাস্তায় কিংবা হাসপাতালে ছুটছেন।

হামলার সময় লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করা লিতানি নদীর ওপর নির্মিত শেষ সেতুটিও ধ্বংস করা হয়েছে। এতে নদীর দক্ষিণের বিস্তীর্ণ এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের দাবি, ওই অঞ্চলকে ‘বাফার জোন’ হিসেবে নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে। হামলায় হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার বেসামরিক মানুষ খাদ্য ও ওষুধ সংকটে পড়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ। সাম্প্রতিক হামলার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তাদের প্রথম বড় প্রতিক্রিয়া।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD