Logo

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে সরগরম তারকারা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৪:০৭
পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে সরগরম তারকারা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে তারকাসহ রাজনৈতিক প্রচারণা। ভোটের তারিখ ঘোষণার আগেই বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে প্রচার শুরু করেছিল, আর নির্বাচনী তফসিল ঘোষণার পর সেই প্রচার আরও তীব্র হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির হয়ে রাজ্যজুড়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিনেতা মিঠুন চক্রবর্তী, কঙ্গনা রানাউত, হেমা মালিনী, স্মৃতি ইরানি ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরো নির্বাচনী প্রচারণায় মোট ১১টি জনসভা করার পরিকল্পনা করেছেন, যার মধ্যে ইতোমধ্যে দুটি সভা সম্পন্ন হয়েছে। অন্যদিকে অমিত শাহ জানিয়েছেন, তিনি নির্বাচনের পুরো সময় পশ্চিমবঙ্গে অবস্থান করবেন।

এছাড়া বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের একাধিক নেতা প্রচারণায় অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী রাজ্যজুড়ে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি টলিউডের একাধিক তারকাও তৃণমূলের পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন। দেব, জুন মালিয়া, রচনা ব্যানার্জী, শোহমসহ অনেক পরিচিত মুখকে মাঠে দেখা যাচ্ছে।

একদিকে তৃণমূল ‘বাংলার মেয়ে’ স্লোগানকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে, অন্যদিকে বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা, দুর্নীতি ও উন্নয়ন ইস্যুকে কেন্দ্র করে ভোটারদের কাছে যাচ্ছে। সব মিলিয়ে তারকা ও শীর্ষ নেতাদের অংশগ্রহণে পশ্চিমবঙ্গের নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD