Logo

যুক্তরাষ্ট্রের ওপর আমাদের আর আস্থা নেই: ইরানের স্পিকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৫:৫২
যুক্তরাষ্ট্রের ওপর আমাদের আর আস্থা নেই: ইরানের স্পিকার
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাগের গালিবাফ।ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, আলোচনা শুরুর দিকে ইরান ইতিবাচক মনোভাব দেখালেও অতীতের দুই দফা যুদ্ধের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা তৈরি হয়নি।

বিজ্ঞাপন

তার মতে, পুরো আলোচনার শেষ পর্যন্তও মার্কিন পক্ষ ইরানি প্রতিনিধিদের বিশ্বাস অর্জন করতে পারেনি। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানান গালিবাফ। পাশাপাশি দেশটির জনগণের প্রতিও শুভেচ্ছা জানান তিনি।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য চলমান আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসলামাবাদে হওয়া শান্তি আলোচনায় সব বিষয়ে মতবিরোধ হয়নি। ইরান নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় মোট ২৪ থেকে ২৫টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

তার ভাষ্য, কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেলেও দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে, যার কারণে চূড়ান্ত সমঝোতা সম্ভব হয়নি।

তবে কোন বিষয়গুলোতে মতবিরোধ রয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। বাঘাই জানান, হরমুজ প্রণালি এবং আঞ্চলিক পরিস্থিতির মতো নতুন ইস্যু যুক্ত হওয়ায় আলোচনা আরও জটিল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

এর আগে আরেক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত কোনো চুক্তি হবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত ছিল না।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD