হাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জন নিহত

হাইতির একটি ঐতিহাসিক পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন তরুণ পর্যটকও রয়েছে বলে জানিয়েছেন দেশটির সংস্কৃতি ও যোগাযোগমন্ত্রী।
বিজ্ঞাপন
সংস্কৃতিমন্ত্রী এমানুয়েল মেনার্ড এক লিখিত বার্তায় জানান, সিটাডেল হেনরি দুর্গে এই দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
ঐতিহাসিক এই দুর্গটি সিটাডেল লাফেরিয়ের নামেও পরিচিত, যা উনিশ শতকের একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র। দুর্ঘটনার পর এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। সেখানে বলা হয়, বহু তরুণ-তরুণীর অংশগ্রহণে আয়োজিত একটি পর্যটন কার্যক্রম চলাকালীন এ পদদলনের ঘটনা ঘটে।
উত্তর হাইতির বেসামরিক সুরক্ষা দপ্তরের প্রধান জানিয়েছেন, অনেকেই এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একমাত্র প্রবেশপথে অতিরিক্ত ভিড় জমে গেলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। প্রবেশ ও বের হওয়ার সময় একইসঙ্গে চাপ তৈরি হওয়ায় পদদলনের ঘটনা ঘটে। কয়েক ডজন মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র : বিবিসি








