যেকোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে: নেতানিয়াহু

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বৈঠকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বন্দরের ওপর আরোপিত অবরোধের ঘোষণাকে সমর্থন জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।
তিনি আরও জানান, সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে বিষয়টি অবহিত করেন।
বিজ্ঞাপন
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, আলোচনায় শর্ত ছিল—যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করবে এবং ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। তবে ইরান প্রণালি না খুলে শর্ত ভঙ্গ করেছে, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে দাবি করেন তিনি।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গেও আলোচনা হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল—ইরানকে সব সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে হবে এবং আগামী কয়েক দশক দেশটি যেন কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে না পারে। বিষয়টি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র : টাইমস অব ইসরায়েল








