ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং, জানিয়ে দিয়েছে—এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তারা কঠোর পাল্টা ব্যবস্থা নেবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার চীনের পক্ষ থেকে বলা হয়, ভিত্তিহীন অভিযোগের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র যদি শুল্ক বাড়ায়, তাহলে নিজেদের স্বার্থ রক্ষায় সমান জবাব দেওয়া হবে।
এর আগে ১২ এপ্রিল ট্রাম্প ঘোষণা দেন, বেইজিং যদি তেহরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেয়, তাহলে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আগামী মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, চীন শিগগিরই ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে। এমনকি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে এসব তথ্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে মুখপাত্র গুও জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র যদি এসব অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত শুল্ক আরোপ করে, তাহলে চীন দৃঢ় ও কার্যকর প্রতিক্রিয়া জানাবে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন সবসময় আন্তর্জাতিক আইন ও নিজস্ব নীতিমালা মেনে চলে।








