Logo

ভারতকে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১২:৩০
ভারতকে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বিশ্ব জ্বালানি বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় দেওয়া শিথিলতা আর বাড়ানো হবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, ভারতসহ বিভিন্ন দেশের জন্য রুশ ও ইরানি তেল কেনার যে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল, তার মেয়াদ আর নবায়ন করা হচ্ছে না।

বিজ্ঞাপন

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, ১১ মার্চের আগে সমুদ্রে থাকা তেলের চালানের ক্ষেত্রেই কেবল এই ছাড় প্রযোজ্য ছিল। এখন সেই সুবিধার মেয়াদ শেষ হয়েছে এবং নতুন করে আর কোনো ছাড় দেওয়া হবে না।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলে বাজার নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে এই ছাড় দিয়েছিল। সেই সুযোগে ভারতীয় শোধনাগারগুলো প্রায় ৩ কোটি ব্যারেল রুশ তেলের অর্ডার দেয়। পাশাপাশি দীর্ঘ সাত বছর পর ইরানের দুটি সুপারট্যাঙ্কারও সম্প্রতি ভারতের বন্দরে ভিড়েছে। তবে নতুন সিদ্ধান্তে এসব সুবিধা আর পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই নীতি শিথিলকরণ নিয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক বিরোধিতা ছিল। ডেমোক্র্যাট শিবিরের নেতারা অভিযোগ করেন, এ ধরনের ছাড়ের ফলে রাশিয়ার যুদ্ধ তহবিলে বিপুল অর্থ প্রবাহিত হচ্ছে, যা ইউক্রেন যুদ্ধে মস্কোর সক্ষমতা বাড়াচ্ছে। সিনেটর রিচার্ড ব্লুমেনথালসহ কয়েকজন নেতা এ বিষয়ে কড়া সমালোচনা করেন। অন্যদিকে সিনেটর চাক শুমার এই নীতিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে দ্রুত বাতিলের আহ্বান জানান।

বিরোধীদের এমন চাপের প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র আবারও কঠোর নিষেধাজ্ঞা নীতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD