Logo

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন অমিত শাহ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১৩:৩৪
পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন অমিত শাহ
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে রাজ্যে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে তিনি এই মন্তব্য করেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এর আগে গত ডিসেম্বরে তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা এবং পরবর্তীতে বেলডাঙায় এর কাজ শুরু করার প্রেক্ষাপটে অমিত শাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মমতা দিদি, আপনি কান খুলে শুনে রাখুন—আপনি এবং আপনার ভাতিজা যতই চেষ্টা করুন না কেন, এই বাংলা ভারতের ভূমি। স্বামী বিবেকানন্দের এই পবিত্র মাটিতে কোনোভাবেই বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না। 

বিজ্ঞাপন

অমিত শাহ তার বক্তব্যে অভিযোগ করেন, রাম মন্দির নির্মাণ বাধাগ্রস্ত করতে দীর্ঘ সাড়ে পাঁচশ বছর ধরে মুঘল, ইংরেজ এবং কংগ্রেসের পাশাপাশি মমতা ব্যানার্জিও প্রচেষ্টা চালিয়েছিলেন। 

তিনি বলেন, ২০১৯ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সেই দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে রাম মন্দির নির্মাণ করেছেন। অথচ পশ্চিমবঙ্গে মমতা তারই দলের সাবেক বিধায়ককে দিয়ে বাবরি মসজিদ বানানোর ছক কষছেন।

জনসভার উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, আপনারাই বলুন, মমতাকে কি এখানে বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া উচিত?

বিজ্ঞাপন

অনুপ্রবেশ প্রসঙ্গে শাহ বলেন, ত্রিপুরা, আসাম ও বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার তৈরি হলে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে এবং একজনকেও এই রাজ্যে ঢুকতে দেওয়া হবে না। 

এছাড়া তিনি দাবি করেন, মোদি সরকার আসার পর সার্জিক্যাল স্ট্রাইক ও ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা আগের কংগ্রেস সরকার করতে ব্যর্থ হয়েছিল।

বিজ্ঞাপন

কলকাতার আরজিকর মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের নিরাপত্তা নিয়ে মমতা সরকারের সমালোচনা করেন শাহ। তিনি বলেন, একজন নারী মুখ্যমন্ত্রী হয়েও মমতা ব্যানার্জি রাজ্যে নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আরজিকর ইস্যু টেনে তিনি দাবি করেন, বাংলার মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে একমাত্র বিজেপিই বিকল্প।

অন্যদিকে, অমিত শাহর এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক জনসভা থেকে তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার করে দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে। 

মমতা বলেন, আগামী দিনে বিজেপি ভারতবর্ষে থাকবে না, তারা জিতবেও না। জোড়া ফুল ছাড়া সাধারণ মানুষকে কেউ বাঁচাতে পারবে না।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, বাবরি মসজিদ নির্মাণ ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা আসন্ন নির্বাচনের আগে আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD