হঠাৎ কেঁপে উঠল পশ্চিম ইরান

পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, বুধবার গভীর রাতে এই ভূমিকম্প আঘাত হানে।
বিজ্ঞাপন
স্থানীয় সময় রাত ১২টা ২৩ মিনিটে কেরমানশাহর গিলান-এ-গারব অঞ্চলের কাছাকাছি এলাকায় কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য প্রভাব মূল্যায়নের কাজ চলছে।
বিজ্ঞাপন
ভূমিকম্পের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী কম্পন দেখা যায়। অতীতেও একাধিক বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।
এর মধ্যে ২০০৩ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলের বাম শহরে আঘাত হানা ৬.৭ মাত্রার ভূমিকম্প ছিল সবচেয়ে ভয়াবহ। ওই ঘটনায় অন্তত ৩৪ হাজার মানুষের মৃত্যু হয় এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়।
বিজ্ঞাপন
এছাড়া, ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগর সংলগ্ন হরমোজগান প্রদেশে ৬.১ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হন। সাম্প্রতিক এই কম্পনের পর বড় ধরনের ক্ষতির খবর না পাওয়ায় কিছুটা স্বস্তি দেখা গেলেও ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে সতর্কতা জারি রয়েছে।








