যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৪টা ৫০ মিনিটে হামলাটি চালানো হয় বলে জানায় আইআরজিসি। তবে নিরাপত্তাজনিত কারণে লক্ষ্যবস্তু বিমানঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। আইআরজিসি দাবি করেছে, ওই ঘাঁটি থেকেই ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন পরিচালিত হচ্ছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্সের জানিয়েছে, বন্দর আব্বাস এলাকার কাছে মার্কিন হামলার পরপরই এই পাল্টা পদক্ষেপ নেয় ইরান।
বিজ্ঞাপন
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আরও সামরিক পদক্ষেপ নিলে তার প্রতিক্রিয়া “আরও কঠোর” হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। কুয়েতের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে কাজ করছে।
এর আগে বুধবার (২৭ মে) ইরানের বন্দর আব্বাস উপকণ্ঠে নতুন করে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি মনে করা হচ্ছিল—এমন একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সঙ্গে কয়েকটি ইরানি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে মার্কিন বাহিনী।
বিজ্ঞাপন
এই উত্তেজনা এমন সময়ে বাড়ছে, যখন প্রায় তিন মাস ধরে চলা সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।
সবশেষ সোমবার (২৫ মে) যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তথাকথিত প্রতিরক্ষামূলক হামলা চালায়। ইরান সেই হামলাকে দুই দেশের নাজুক যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছিল।








