প্রাণে বাঁচল ‘ডোনাল্ড ট্রাম্প’, যা বলছে বিশ্ব গণমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারাগত মিল এবং মাথার সোনালি চুলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত বাংলাদেশের সেই অ্যালবিনো মহিষটি শেষ পর্যন্ত কুরবানির হাত থেকে রক্ষা পেয়েছে। ভাইরাল খ্যাতি পাওয়া গোলাপি রঙের এই মহিষটির নতুন ঠিকানা হয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা।
বিজ্ঞাপন
নারায়নগঞ্জে পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের চার বছর বয়সী মহিষটি কুরবানির উদ্দেশ্যে কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। প্রতি কেজি ৫৫০ টাকা হিসেবে দামও চূড়ান্ত হয়। তবে মহিষটিকে ঘিরে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে শেষ মুহূর্তে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ আসে।
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ নির্দেশনায় পুলিশ মহিষটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে ক্রেতাকে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর-এর উদ্যোগে বিরল প্রাণী হিসেবে এটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। চিড়িয়াখানায় নেওয়ার পর নিয়ম অনুযায়ী দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হবে মহিষটিকে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।।
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ পদের সঙ্গে মিল রেখে রসিকতা করে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে আখ্যা দিয়েছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি। তারা নতুন প্রতিবেদনে লিখেছে, ‘ট্রাম্প’ মহিষকে কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ লিখেছে, বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।
ফ্রান্স ২৪-এর শিরোনাম করেছে, ভাইরাল তারকাখ্যাতি বাংলাদেশে ‘ট্রাম্প’ মহিষকে কুরবানির হাত থেকে বাঁচাল।
বিজ্ঞাপন
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে হস্তক্ষেপ করলেন কর্মকর্তারা।
টাইমস অব ইসরাইল লিখেছে, ঈদের কুরবানি থেকে শ্বেতকায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে রেহাই দিল বাংলাদেশ।
নিউইয়র্ক পোস্টে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেয়েছে।
বিজ্ঞাপন
এনডিটিভি লিখেছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে ঈদের কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সংবাদমাধ্যমটির শিরোনাম, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে এগিয়ে এলেন বাংলাদেশের কর্মকর্তারা।
অন্যান্য প্রভাবশালী মিডিয়া: এর বাইরেও ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, পাকিস্তানের ডন, ভারতের টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডেসহ বিশ্বের প্রায় সবগুলো সুপরিচিত সংবাদমাধ্যম এই গোলাপি অ্যালবিনো মহিষটির খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
এদিকে মহিষটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়, খোদ ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের এই মহিষের চুলের প্রশংসা করেছেন। তবে বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের তদন্তে দেখা গেছে, ট্রাম্প এ ধরনের কোনো পোস্ট করেননি এবং স্ক্রিনশটটি সম্পূর্ণভাবে এডিট করা বা ভুয়া।








