ভারতেও মিলল ‘ভিআইপি’ ছাগল, দাম ৮ লাখ রুপি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার ভারতের ইন্দোর-এ দেখা গেছে এক ‘ভিআইপি’ ছাগল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছাগলটির নাম রাখা হয়েছে ‘সুলতান’—দাম হাঁকা হয়েছে প্রায় ৮ লাখ রুপি পর্যন্ত।
বিজ্ঞাপন
ঈদুল আজহা উপলক্ষে ইন্দোরের পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় থাকলেও সবচেয়ে বেশি নজর কেড়েছে পাঞ্জাবি ‘বিটাল’ জাতের এই দানবাকৃতির ছাগল।
জানা গেছে, ছাগলটির মালিক মঈন খান প্রায় এক হাজার কিলোমিটার দূরের পাঞ্জাব থেকে ছাগলটি নিয়ে আসেন। বর্তমানে এর ওজন ২০০ কেজিরও বেশি এবং উচ্চতা প্রায় ৪ ফুটের কাছাকাছি।
বিজ্ঞাপন
মালিকের দাবি, সুলতানকে পরিবারের সদস্যের মতো করে বড় করা হয়েছে। তার জন্য আলাদা ঘর, গরমে কুলার এবং বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। দৈনিক খাদ্য তালিকায় ছিল দুধ, কাজু-বাদামসহ শুকনো ফল এবং প্রায় ১০ কেজি সবুজ ঘাস।
শুধু সুলতানই নয়, ইন্দোরের হাটে আরও একটি আলোচিত ছাগল হলো ‘গোলু লালা’। এর মালিক ফাতিমা জানিয়েছেন, ছাগলটির জন্যও রয়েছে বিশেষ যত্ন—নিজস্ব বিছানা থেকে শুরু করে কুলার পর্যন্ত।
বিজ্ঞাপন
তবে আশ্চর্যের বিষয় হলো, এত যত্নে বড় করা এই ‘ভিআইপি’ ছাগলগুলো এবারের ঈদে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।
এদিকে এই ব্যতিক্রমী ছাগলগুলো এক নজর দেখতে প্রতিদিনই হাটে ভিড় করছেন স্থানীয়রা। সামাজিক মাধ্যমে তাদের নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনাও চলছে।
সুত্র: ফ্রি প্রেস জার্নাল








