কুয়েতে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার মধ্যে কুয়েতে থাকা একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। তবে ঠিক কোন ঘাঁটিতে হামলা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
সংস্থাটির দাবি, যে ঘাঁটি থেকে বন্দর আব্বাসে আক্রমণ চালানো হয়েছিল, সেটিকেই লক্ষ্য করে পাল্টা জবাব দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আইআরজিসি বলেছে, ভবিষ্যতে হামলা হলে তার জবাব আরও “নিখুঁত ও কঠোর” হবে।
বিজ্ঞাপন
এর আগে মধ্যরাতে বন্দর আব্বাস এলাকায় মার্কিন বাহিনীর বোমা হামলার অভিযোগ উঠে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা দাবি করেন, হরমুজ প্রণালীতে একটি ট্যাংকার জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলার পরই ওই পাল্টা অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, ইরানের একটি ড্রোন নিক্ষেপ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।
বিজ্ঞাপন
তবে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হামলার পরপরই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।








