ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির হরমুজগান ও কারমান প্রদেশের কিছু এলাকায় এই কম্পন আঘাত হানে।
বিজ্ঞাপন
বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সারগাজ এলাকার নিকটবর্তী অঞ্চল। কম্পনের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, সোমবার ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় অনেক মানুষ কর্মস্থলে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান করছিল।
শক্তিশালী এই কম্পনের ফলে দেশটির বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে ভূমিকম্পের ভয়াবহ চিত্র দেখা গেছে।
সূত্র: মেহের নিউজ








