ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, বাড়ল জ্বালানি তেলের দাম

ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সঙ্গে এই সংঘাতের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক শেয়ারবাজারেও।
বিজ্ঞাপন
সোমবার প্রকাশিত এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলারের বেশি হয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যজুড়ে হামলার হুমকি ইরানের
যদিও বর্তমানে তেলের দাম এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে রয়েছে, তবে বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে দাম দ্রুত বাড়তে পারে। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছিল।
বিজ্ঞাপন
পরবর্তীতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানি তেলের বাজার কিছুটা স্থিতিশীল হয়েছিল। কিন্তু নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেই আশায় ভাটা পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। এর জবাবে রোববার রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এরপর সোমবার সকালে ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে।
বিজ্ঞাপন
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর কিছু সময় পর ইরান থেকেও নতুন করে ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
অন্যদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা সরাসরি আন্তর্জাতিক তেলবাজারে প্রভাব ফেলছে।
বিজ্ঞাপন
বাজার বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘস্থায়ী হলে শুধু জ্বালানি তেলের দামই নয়, বৈশ্বিক অর্থনীতি ও শেয়ারবাজারেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সূত্র: আল জাজিরা








