Logo

জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে মিশর, ইরানের হামলার নিন্দা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন, ২০২৬, ১৭:১৩
জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে মিশর, ইরানের হামলার নিন্দা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিশর। একই সঙ্গে দেশ তিনটির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেছে কায়রো।

বিজ্ঞাপন

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে মিশর। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধে উপসাগরীয় দেশগুলোরও দায়িত্ব রয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর একটি ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ রয়েছে এ ধরনের আগ্রাসন প্রতিরোধে ভূমিকা রাখার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তাদের ভূখণ্ড, ঘাঁটি বা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পরিকল্পনা, অভিযান বা সহায়তা দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সুযোগ না দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট দেশগুলোর রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD