Logo

ইরান সীমান্ত থেকে মার্কিন সেনারা ১ হাজার কিমি দূরে: আইআরজিসি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর, ২০২৬, ২০:১৭
ইরান সীমান্ত থেকে মার্কিন সেনারা ১ হাজার কিমি দূরে: আইআরজিসি
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর মার্কিন সেনারা আগের অবস্থান থেকে প্রায় এক হাজার কিলোমিটার পিছু হটেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর শীর্ষ কমান্ডারদের উপদেষ্টা পরিষদের প্রধান আলি ফাদাভি এ দাবি করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে আলি ফাদাভি বলেন, ইরানের প্রতিরোধের মুখে মার্কিন সেনারা তাদের আগের অবস্থান ধরে রাখতে পারেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থান থেকে সরে গিয়ে বর্তমানে প্রায় এক হাজার কিলোমিটার দূরে রয়েছে।

মার্কিন বাহিনীর পিছু হটার কারণ হিসেবে ইরানের সামরিক প্রতিরোধকে উল্লেখ করে তিনি বলেন, “যখনই মার্কিন সেনারা আমাদের সীমান্তের কাছাকাছি আসার চেষ্টা করেছে, আমরা তা প্রতিহত করেছি। যা তাদের দূরে রাখতে সাহায্য করেছে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপও ইরানের জনগণকে নতি স্বীকার করাতে পারেনি বলে মন্তব্য করেন এই বিপ্লবী গার্ড কমান্ডার। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেও ওয়াশিংটন দেশটির জনগণকে তাদের লক্ষ্য থেকে সরাতে পারেনি।

বিজ্ঞাপন

এদিকে ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর রাতে ইরানে হামলার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের সময় হিসেবে ৯ নভেম্বর রাতের বিষয়টি আলোচনায় আসে।

তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা, ফক্স নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD