‘এক সপ্তাহের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তি আগামী এক সপ্তাহের মধ্যেও হতে পারে, আবার আলোচনা কয়েক মাস পর্যন্তও গড়াতে পারে।
বিজ্ঞাপন
বুধবার এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, এমন একটি সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ওয়াশিংটন, যা একদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে, অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কার্যকর সমাধান নিশ্চিত করবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধু বর্তমান সময়ের জন্য নয়, দীর্ঘমেয়াদে এমন ব্যবস্থা নিশ্চিত করা যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তার ভাষায়, এ লক্ষ্য অর্জনের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যদিও এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ বাকি রয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আগামী মধ্যবর্তী নির্বাচনের আগেই আলোচনার ফলাফল সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। চুক্তি খুব দ্রুত সম্পন্ন হতে পারে, আবার তা চূড়ান্ত হতে আরও কয়েক মাস সময়ও লাগতে পারে।
ভ্যান্সের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে আলোচনায় অগ্রগতি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিজ্ঞাপন
এদিকে ইরানের দাবি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলমান সংঘাতে দেশটিতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী রয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১১৮ জন চিকিৎসাকর্মী এবং প্রাণ হারিয়েছেন আরও ২৬ জন স্বাস্থ্যকর্মী।








