ইরানের পর এবার উত্তর কোরিয়ায় নজর দিতে চান ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতার পর এবার উত্তর কোরিয়াকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং।
বিজ্ঞাপন
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ বিষয়ে কথা বলেন লি জে-মিয়ং।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানান, আলোচনার সময় ট্রাম্প তাকে বলেছেন, এখন উত্তর কোরিয়া প্রশ্নে নতুন করে মনোযোগ দেওয়ার উপযুক্ত সময় এসেছে। জবাবে তিনি ট্রাম্পকে জানান, পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোর কার্যকারিতা আগের তুলনায় অনেকটাই কমে গেছে।
বিজ্ঞাপন
লি জে-মিয়ংয়ের মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় নিষেধাজ্ঞার প্রভাব দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, রাশিয়ার সীমিত সহায়তাও উত্তর কোরিয়ার জন্য উল্লেখযোগ্য সুবিধা তৈরি করছে।
এদিকে ইরানের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকের একটি পুরোনো ছবি শেয়ার করেন ট্রাম্প। ছবির সঙ্গে কোনো মন্তব্য না থাকলেও তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, ইরান ইস্যুতে অগ্রগতির পর ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক সক্ষমতাসম্পন্ন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ও আলোচনার বিষয়টিকে নতুন করে গুরুত্ব দিতে পারে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধ কোনো শান্তিচুক্তি নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার অবসান ঘটাতে পারেনি। বর্তমানে দুই দেশ একটি অসামরিকীকৃত সীমান্ত অঞ্চল দ্বারা পৃথক অবস্থানে রয়েছে।
সূত্র: এএফপি








