দিল্লিতে সোমবার বিশাল বিক্ষোভের ডাক বিরোধী দলগুলোর

তরুণ বিক্ষোভকারীদের ওপর পুলিশি দমন-পীড়নের অভিযোগ তুলে আগামী সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বড় বিক্ষোভের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) জোটের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। বিক্ষোভে যোগ দিতে তৃণমূল কংগ্রেসের নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অবস্থানের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সঙ্গে বিক্ষোভে অংশ নেওয়ার কথা রয়েছে তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এ তথ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে।
এর আগে শনিবার তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে সমাবেশের ঘোষণা দিয়েছিল। তবে পুলিশের বাধায় বিক্ষোভকারীরা সেখানে পৌঁছাতে পারেননি। এ সময় দলটির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতাদের আটক করা হয়।
শনিবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতাকে আটক করা হয়। তাঁদের আটকের ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে।
বিজ্ঞাপন
ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পাশাপাশি জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও শনিবার সকালে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি নিজ বাড়িতে থাকা অবস্থায় আটক হন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিতে জার্মানি থেকে ভারতে ফেরার দুই দিনের মাথায় তাঁকে আটক করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারতীয় পুলিশের দাবি অনুযায়ী, শনিবারের বিক্ষোভ ঘিরে শুক্রবার ও শনিবার মিলিয়ে সাত হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বড় একটি অংশকে পরে ছেড়ে দেওয়া হয়। তবে সিজেপির শীর্ষ নেতাদের আটক রাখা নিয়ে দলটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞাপন
ককরোচ জনতা পার্টি জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ আন্দোলন করছে দলটি।
অন্যদিকে, বিরোধী জোটের সোমবারের কর্মসূচির লক্ষ্য তরুণ বিক্ষোভকারীদের আটকের প্রতিবাদ জানানো এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা। কর্মসূচিতে কোন কোন নেতা অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।








