নাইজারের প্রধান বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী, সেনাসদস্য এবং বেসামরিক নাগরিক রয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে রাজধানী নিয়ামেতে অবস্থিত বিমানবন্দরটিতে এ হামলার ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলায় জড়িত চারজন আহত হয়েছেন এবং ২০ জনকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আটক ব্যক্তিদের কাছ থেকে আরপিজি-৭ রকেটচালিত গ্রেনেড লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, ওয়াকিটকি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। আল-কায়েদা সমর্থিত এ সংগঠনটি বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে হামলার দায় নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা জানান, প্রথমে তারা বিস্ফোরণের শব্দকে সাধারণ কোনো দুর্ঘটনা বলে মনে করেছিলেন। পরে টানা গুলির শব্দে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন।
বিজ্ঞাপন
দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনা। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি সেখানে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিও রয়েছে। এছাড়া সাহেল অঞ্চলের তিন দেশ—নাইজার, মালি ও বুরকিনা ফাসোর জোট ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ (এইএস)-এরও কিছু স্থাপনা বিমানবন্দর এলাকায় অবস্থিত।
কৌশলগত গুরুত্বের কারণে বিমানবন্দরটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ৩৫০টির বেশি নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, গত এক দশক ধরে বিভিন্ন সশস্ত্র ইসলামপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে নাইজারের সরকার ও সেনাবাহিনী। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও বিমানবন্দরটিতে হামলার ঘটনা ঘটেছিল। সে সময় এক সেনাসদস্য ও ২০ জন হামলাকারী নিহত হন।
বিজ্ঞাপন
দেশটিতে গত তিন বছর ধরে সামরিক সরকার ক্ষমতায় রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, হামলার পর থেকেই জেএনআইএমের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করা হয়েছে।
সূত্র: বিবিসি








