Logo

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১৯:৪০
বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের কার্যক্রম চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে এই দুই দেশে হামাস-সংশ্লিষ্ট সম্ভাব্য কার্যক্রম পর্যবেক্ষণ করছে ইসরায়েল।

বিজ্ঞাপন

বুধবার ভারতীয় একটি সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত রিউভেন আজারের দাবি, বাংলাদেশ ও পাকিস্তানে হামাস-সংশ্লিষ্ট তৎপরতা মধ্যপ্রাচ্যের বাইরে চরমপন্থী প্রভাব বিস্তারের ইঙ্গিত দিতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি ওই অঞ্চলের সরকারগুলোর জন্য সতর্কতার কারণ হওয়া উচিত।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে পাকিস্তানের আঞ্চলিক কূটনৈতিক ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তার মতে, ইসলামাবাদ একদিকে শান্তি উদ্যোগে অংশ নেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে চরমপন্থী গোষ্ঠীগুলোর বিষয়ে নানা অভিযোগের মুখে রয়েছে।

যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্কসহ আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানের অবস্থানকে আস্থার সঙ্গে দেখে না এবং তাদের কর্মকৌশল সতর্কভাবে পর্যবেক্ষণ করা হয়।

তিনি আরও বলেন, কিছু দেশ এমন একটি “শান্তি” ধারণা প্রচার করে যেখানে ইসরায়েলের অস্তিত্বই অস্বীকার করা হয়, যা তাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

হামাস প্রসঙ্গে রাষ্ট্রদূত দাবি করেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েল পাকিস্তান ও বাংলাদেশে সংগঠনটির সম্ভাব্য তৎপরতা পর্যবেক্ষণ করছে। প্রকাশ্যে থাকা তথ্যের পাশাপাশি আরও কিছু কার্যক্রম আড়ালে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আজার বলেন, চরমপন্থী সংগঠনগুলো ওই হামলাকে অন্য অঞ্চলে কার্যক্রম বিস্তারের “মডেল” হিসেবে ব্যবহার করতে পারে—এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সতর্ক থাকা প্রয়োজন। তিনি দাবি করেন, ইসরায়েল তাদের উদ্বেগ ভারতীয় কর্তৃপক্ষকেও জানিয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চরমপন্থী নেটওয়ার্কের বিস্তার একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এবং এ বিষয়ে নিয়মিত ব্রিফিং ও আলোচনা চালু রয়েছে।

পাকিস্তানের কিছু বক্তব্য ও নীতিগত অবস্থান নিয়েও সমালোচনা করেন ইসরায়েলি রাষ্ট্রদূত। তার মতে, এসব অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতা ও ইসরায়েলের প্রতি আস্থা তৈরির ক্ষেত্রে বাধা তৈরি করছে।

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক কূটনীতি ও ইরান ইস্যু নিয়ে চলমান আলোচনার মধ্যেই তিনি এসব মন্তব্য করেন। ইরানকে ঘিরে যেকোনো চুক্তিতে নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক হুমকির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকা জরুরি বলে মন্তব্য করেন রিউভেন আজার।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD