Logo

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন, ২০২৬, ২০:২১
আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করে আরও পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

বিজ্ঞাপন

শনিবার ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে এক বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিবৃতিতে বলা হয়, প্রতিপক্ষের চুক্তিভঙ্গ ও আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, চলমান পরিস্থিতির পরিবর্তন না হলে এবং আক্রমণ অব্যাহত থাকলে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ইরানের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান সমঝোতার পরিপন্থী। এই প্রেক্ষাপটেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

অন্যদিকে, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে। তবে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের যেকোনো ধরনের অগ্রাসন বা দখলচেষ্টার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ এলাকার নিকটবর্তী একটি স্থানে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তাদের যোদ্ধারা হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

হিজবুল্লাহ আরও অভিযোগ করে যে, শুক্রবার রাত থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল একাধিকবার তা লঙ্ঘন করেছে। সংগঠনটির দাবি, তারা শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত মেনে চললেও ইসরায়েল একই ধরনের সংযম প্রদর্শন করেনি।

বিবৃতিতে বলা হয়, অতীতের অভিজ্ঞতা এবং প্রতিপক্ষের আচরণের কারণে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতিও রয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

হিজবুল্লাহ পুনর্ব্যক্ত করেছে যে, যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর পাশাপাশি লেবাননের ভূখণ্ড দখল বা দখলদারিত্ব সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।

বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ফলে ইরানের এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD