Logo

২ মার্কের জন্য ফেল করা সেই শিক্ষার্থীই হলেন ইসরোর বিজ্ঞানী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন, ২০২৬, ১৭:৫৩
২ মার্কের জন্য ফেল করা সেই শিক্ষার্থীই হলেন ইসরোর বিজ্ঞানী
ছবি: সংগৃহীত

মাত্র দুই নম্বরের জন্য প্রকৌশল ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন ভারতের মেরঠের শিক্ষার্থী সংকেত কুমার। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে এখন তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন। রবিবার (২১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

২০২১ সালে জেইই অ্যাডভান্সড পরীক্ষায় মাত্র দুই নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি সংকেত। তখন অনেকেই তাকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তবে তিনি হাল ছাড়েননি। এক বছর বিরতি নিয়ে নতুন করে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যান।

প্রস্তুতির জন্য কোনো কোচিং সেন্টারের সহায়তা নেননি তিনি। ইউটিউবের লেকচার, পুরোনো প্রশ্নপত্র এবং স্বশিক্ষার মাধ্যমে নিজেকে তৈরি করেন। পরের বছর জেইই মেইন ও জেইই অ্যাডভান্সড—দুই পরীক্ষাতেই সফল হন। পরে তিরুবনন্তপুরমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন।

বিজ্ঞাপন

শিক্ষাজীবনে তিনি প্রচলিত ধারার বাইরে গিয়ে ‘ভাইব্রেশনস অ্যান্ড অ্যাকোস্টিকস’ বিষয়ে বিশেষায়িত পড়াশোনা বেছে নেন। তার ব্যাচে এ বিষয়ে একমাত্র শিক্ষার্থী ছিলেন তিনি।

পড়াশোনার সময় জাপানের শিনরা ইনকর্পোরেশনের একটি গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পান সংকেত। সেখানে তিন মাস কাজ করার পর আইআইএসটি থেকে ৮.২ সিজিপিএ অর্জন করেন। পরে ইসরোর সাক্ষাৎকারে অংশ নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

বর্তমানে তার প্রথম কর্মস্থল হিসেবে মহেন্দ্রগিরির ইসরো প্রোপালশন কমপ্লেক্স নির্ধারণ করা হয়েছে। এই কেন্দ্রেই রকেট উৎক্ষেপণের আগে বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থার চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

নিজের সাফল্যের পেছনে পরিবারের অবদান সবচেয়ে বেশি বলে মনে করেন সংকেত। তিনি জানান, এক বছর বিরতি নেওয়ার সিদ্ধান্তের সময় অনেক নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল। তবে পরিবারের সদস্যরা সবসময় পাশে ছিলেন। বিশেষ করে তার ভাই আর্থিক ও মানসিকভাবে বড় সহায়তা করেছেন।

সংকেত আরও জানান, ইসরোর সাক্ষাৎকারে অংশ নেওয়ার বিষয়টি তিনি বাবা-মাকে আগে জানাননি। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর তাদের চমকে দিতে চেয়েছিলেন।

বিজ্ঞাপন

ছেলের এই অর্জনে উচ্ছ্বসিত তার পরিবার। তারা মনে করেন, সন্তানের প্রতি আস্থা ও সমর্থন থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।

সংকেত ২০২১ সালে দিওয়ান পাবলিক স্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। স্কুলটির সাবেক অধ্যক্ষ অসীম দুবে তাকে অত্যন্ত মেধাবী, শৃঙ্খলাপরায়ণ ও লক্ষ্যনিষ্ঠ শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD