Logo

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজারের বেশি অভিবাসী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন, ২০২৬, ১৮:০১
সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজারের বেশি অভিবাসী
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, গত ১১ থেকে ১৭ জুন পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার যৌথ অভিযানে মোট ১৫ হাজার ২৮৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

আটকদের মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ৮৬৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৫৭৬ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ২ হাজার ৮৪৮ জন রয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬৬৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪৬ শতাংশ ইয়েমেনের, ৫৩ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ৫৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে ইতোমধ্যে ১০ হাজার ৪৫৮ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ১৫ হাজার ১০৯ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ১ হাজার ৯৭৯ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, অবৈধভাবে বসবাস বা কর্মসংস্থানের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ২৪ জনকেও আটক করা হয়েছে।

বর্তমানে দেশটিতে ২৩ হাজার ৫৮৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৭৫৮ জন পুরুষ এবং ১ হাজার ৮২৯ জন নারী।

বিজ্ঞাপন

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে নিয়মিত সতর্কবার্তাও দিয়ে আসছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের আবাসস্থল সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন।

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD