Logo

দাড়ি বড় না রাখায় আফগানিস্তানে ২০ জন আটক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন, ২০২৬, ১৭:১১
দাড়ি বড় না রাখায় আফগানিস্তানে ২০ জন আটক
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নৈতিকতা পুলিশ দাড়ি পর্যাপ্ত বড় না থাকার অভিযোগে ইরান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ২০ জন ত্রাণকর্মীকে আটক করেছিল। পরে তাদের মুক্তি দেওয়া হলেও আগামী এক মাসের মধ্যে দাড়ি বড় করার শর্ত আরোপ করা হয়েছে। অন্যথায় তাদের কাজ চালিয়ে যেতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) সংশ্লিষ্ট একটি দাতব্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। আটক হওয়া ত্রাণকর্মীরা শনিবার ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ের কাছে দায়িত্ব পালন করছিলেন। তারা মূলত জাতিসংঘের সহযোগী বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানায়, ইসলাম কালা রিসেপশন সেন্টারে কর্মরত যেসব ত্রাণকর্মীর দাড়ি ছোট ছিল বা যারা দাড়ি শেভ করেছিলেন, তাদের আটক করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে একই দিন ছেড়ে দেওয়া হলেও বাকিরা পরদিন মুক্তি পান।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে হেরাত প্রদেশের নৈতিকতা পুলিশের পরিচালক জিয়াউদ্দিন তাঈয়েব বেসরকারি সংস্থার কর্মীদের আটকের অভিযোগ অস্বীকার করেছেন।

তার দাবি, কোনো এনজিও কর্মীকে আটক বা কারাগারে নেওয়া হয়নি। তবে দাড়ি ছোট থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পাঁচজন সরকারি কর্মচারীকে আটক করা হয়েছিল।

বিজ্ঞাপন

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ত্রাণকর্মী জানান, ইসলাম কালা সীমান্ত এলাকায় বিভিন্ন সেবাদানকারী সংস্থার অন্তত ২০ জন কর্মীকে আটক করে খোসান এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD