এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

জাপানের উত্তর উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকালে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মূল হনশু দ্বীপের ইওয়াতে অঞ্চলের কাছে সকাল সাড়ে ৭টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কম্পন রাজধানী টোকিওতেও টের পাওয়া গেছে। যদিও এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রথমে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৯ বলে জানিয়েছিল। পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ নির্ধারণ করা হয়। সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৪৪ কিলোমিটার গভীরে।
বিজ্ঞাপন
উত্তরের আওমোরি প্রিফেকচারের হাশিকামি শহরের বাসিন্দা ও একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের কর্মী মুৎসুমি শিমোহাতা এএফপিকে জানান, ভূমিকম্পের সময় তিনি বাড়িতে ছিলেন। কম্পনের পরপরই সতর্কবার্তা বেজে ওঠে এবং পুরো ঘটনাটি তার কাছে বেশ দীর্ঘ সময়ের বলে মনে হয়েছে। তবে তার বাড়িতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
ভূমিকম্পের পর কিছু শিনকানসেন বুলেট ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া হাশিকামির একটি প্রাথমিক বিদ্যালয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হাশিকামি ও হাচিনোহে এলাকার দমকল বিভাগে অন্তত চারটি জরুরি ফোনকল এসেছে। কয়েকটি স্থানে লিফটে মানুষ আটকে পড়ার ঘটনাও ঘটেছে।
বিজ্ঞাপন
জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র মিনোরু কিহারা বলেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হচ্ছে।
এদিকে কিয়োডো নিউজের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো ধরনের অস্বাভাবিকতা শনাক্ত হয়নি। হাচিনোহে শহরে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি।








