Logo

ফের করোনা ভাইরাসের হানা, ২ মৃত্যুতে স্বাস্থ্য বিভাগের সতর্কতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই, ২০২৬, ১৫:১২
ফের করোনা ভাইরাসের হানা, ২ মৃত্যুতে স্বাস্থ্য বিভাগের সতর্কতা
ছবি: সংগৃহীত

ভারতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে আরও আটজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নজরদারি বৃদ্ধি, পরীক্ষা জোরদার এবং সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি পুরো রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর তার করোনা পরীক্ষা করা হলে সংক্রমণ ধরা পড়ে। পরে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অন্যদিকে, একই জেলার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শরীরেও করোনা শনাক্ত হয়। পরে হাসপাতালের করোনা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে নিভৃত চিকিৎসা ব্যবস্থার আওতায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন সংক্রমণের পর  রাজ্যটির স্বাস্থ্য বিভাগ ওই জেলায় বিশেষ টিম মোতায়েন করেছে। আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে। বাকি পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কাদাপা জেলা পরিষদের এক বৈঠকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্তমানে জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছে। ভাইরাসের ধরন শনাক্ত এবং সংক্রমণের ধরণ বোঝার জন্য নমুনা পুনের একটি পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।

এমন অবস্থায় সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য কাদাপায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্ধ্র প্রদেশের জেলা-দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাভিথা। আক্রান্ত এলাকাগুলোতে কঠোরভাবে করোনা-সংক্রান্ত স্বাস্থ্যবিধি বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক কর্মসূচি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়া, হাসপাতালসহ জনসমাগমপূর্ণ সব স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী সাভিথা। তিনি আরও বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী আইসোলেশন কেন্দ্রে স্থানান্তর করতে হবে।

বিজ্ঞাপন

এদিকে আক্রান্ত এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া, আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দ্রুত করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের করোনা শনাক্ত হবে, তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হবে। আর যাদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাদের বাড়িতে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণে রাখা হবে।

কাদাপায় এমন অবস্থার পর অন্ধ্রপ্রদেশ জুড়ে করোনা প্রস্তুতি সংক্রান্ত সতর্কতা জারি করেছে রাজ্য স্বাস্থ্য কর্তৃপক্ষ। সব জেলার প্রশাসনকে নজরদারি, করোনা পরীক্ষা, তথ্য প্রতিবেদন এবং সংক্রমণ নিয়ন্ত্রণব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালগুলোকে পর্যাপ্ত শয্যা, আইসোলেশন সুবিধা এবং প্রয়োজনীয় চিকিৎসা-সহায়তা প্রস্তুত রাখতে বলা হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগ জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক ব্যবহার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD