ভাঙতি না থাকায় পরিবহনমন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে গিয়ে সাধারণ যাত্রীদের প্রতিদিনের ভোগান্তির বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। ১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় এক বাসের কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন।
বিজ্ঞাপন
টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১১ জুলাই) রাতে বেঙ্গালুরুর গণপরিবহন সেবা পর্যবেক্ষণের অংশ হিসেবে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (বিএমটিসি) একটি বাসে ওঠেন তিনি। পরে কন্ডাক্টরের কাছে ১০০ রুপির একটি নোট দিয়ে দুটি টিকিট চান।
প্রতিবেদন অনুযায়ী, কন্ডাক্টর ভাঙতি চাইলে মন্ত্রী জানান, তার কাছে খুচরা টাকা নেই। জবাবে কন্ডাক্টর নিজের টাকার ব্যাগ দেখিয়ে জানান, তার কাছেও পর্যাপ্ত ভাঙতি নেই। পরে ভাঙতি দিতে না পারলে বাস থেকে নেমে যেতে বলেন তিনি।
মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতেই পারেননি যে ওই যাত্রী রাজ্যের পরিবহনমন্ত্রী। কোনো ধরনের পরিচয় না দিয়ে কিংবা তর্কে না জড়িয়ে সুরেশ বাস থেকে নেমে যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত তিনি জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বায়রাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে গণপরিবহন সেবা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় তিনি একটি অটোরিকশায়ও স্বল্প দূরত্ব ভ্রমণ করেন। নাগাশেট্টিহাল্লিতে পৌঁছানোর পর মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। অতিরিক্ত ভাড়ার কারণ জানতে চাইলে চালক জানান, মিটারটি পুনরায় ক্যালিব্রেট করা হবে। পরে পরিবহনমন্ত্রী ৪০ রুপি পরিশোধ করে অটোরিকশা থেকে নেমে যান।








