হরমুজ প্রণালি ভাগ করতে চায় ওমান, সরাসরি প্রত্যাখ্যান ইরানের

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ওমান। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। বুধবার (২৯ জুলাই) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই অবস্থানে মধ্যস্থতাকারী কয়েকটি দেশ অসন্তোষ প্রকাশ করেছে।
ওমানের প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি সমান দুই ভাগে বিভক্ত থাকবে। এর একটি অংশ থাকবে ওমানের নিয়ন্ত্রণে এবং অন্য অংশ পরিচালনা করবে ইরান। তবে এ প্রস্তাবে সম্মতি দেয়নি তেহরান।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সংবাদমাধ্যমটিকে বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত বিষয়ে ওমানের বর্তমান প্রস্তাবে ইরানের নিরাপত্তা স্বার্থ যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। তাই এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ নেই তাদের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ওমান চাইলে হরমুজ প্রণালি থেকে বেরিয়ে যাওয়া জাহাজের চলাচল তাদের অংশ দিয়ে হতে পারে। তবে প্রণালিতে প্রবেশের মূল নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকতে হবে।
ঘারিবাবাদির ভাষ্য, “হরমুজে প্রবেশের রুট পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে। অন্যদিকে বের হওয়ার পথের একটি অংশ ওমানের তত্ত্বাবধানে থাকতে পারে। তারা এ প্রস্তাবে রাজি হলে পরবর্তী ধাপের আলোচনা এগোতে পারে।”
বিজ্ঞাপন
এদিকে মধ্যস্থতাকারী দেশগুলোর দাবি, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনরায় কার্যকর করার চেষ্টা চলছে। তবে হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সেই প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল








