Logo

হুথিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই, ২০২৬, ১৭:৩৯
হুথিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি
ছবি: সংগৃহীত

হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সমুদ্র ও স্থলপথে বড় আকারের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ইয়েমেনি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি কার্যক্রমে হুথিদের সম্ভাব্য বাধা মোকাবিলার জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি বাহিনীর কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছে। এটি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সময়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি বহুজাতিক নৌ জোট গঠনের চেষ্টা চালাচ্ছে রিয়াদ।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক, পাকিস্তান, মিসর, সুদান ও জিবুতিসহ চোদ্দটি দেশ যৌথভাবে একটি সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের পক্ষে সমর্থন জানিয়েছে।

ইরান-সমর্থিত হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং লোহিত সাগর উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণ করে আছে। গত ২০ জুলাই তারা সৌদি জাহাজের ওপর অবরোধের ঘোষণা দেয়। তবে সব জাহাজ থেকে টোল আদায়ের কোনো পরিকল্পনা নেই বলে তারা দাবি করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হুথিদের দাবি, সৌদি আরব ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ তুলে নিলেই তারাও সৌদি জাহাজের অবরোধ প্রত্যাহার করবে। তাদের মতে, এটি ইরানকে ঘিরে নয়; বরং ইয়েমেনের ভবিষ্যৎ নিয়ে বিরোধ। ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় সৌদি আরব।

লোহিত সাগরে নিরাপত্তা জোটে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালিকেও আহ্বান জানিয়েছে রিয়াদ। যদিও ইউরোপীয় ইউনিয়নের ‘অ্যাসপিডেস’ নামে একটি নৌ মিশন ইতোমধ্যেই ওই অঞ্চলে টহল দিচ্ছে।

বিজ্ঞাপন

গত ২৫ জুলাই হুথিরা দাবি করে, তারা সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে লোহিত সাগরের রপ্তানি বন্দরে যাওয়া তেল পরিবহণ অবকাঠামোতে হামলা চালিয়েছে।

বিশ্লেষকদের মতে, যদি লোহিত সাগরের পাশাপাশি হরমুজ প্রণালিও সৌদি তেলবাহী জাহাজের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে দেশটির তেল রপ্তানি বড় ধরনের সংকটে পড়বে। ইরান-সংকট শুরুর আগে সৌদি তেলের প্রায় ৮০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি হতো। বর্তমানে ইয়ানবু বন্দরের মাধ্যমে লোহিত সাগরপথে রপ্তানির গুরুত্ব অনেক বেড়েছে।

গত দুই সপ্তাহে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যকার সংঘাত নতুন মাত্রা পেয়েছে। হুথিরা সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা জবাব হিসেবে সৌদি বাহিনী হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বিমান হামলা চালায়। একই সময়ে লোহিত সাগরে একটি সৌদি বাণিজ্যিক জাহাজও হামলার শিকার হয়েছে। এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনে প্রভাব বিস্তার নিয়ে চলা এই সংঘাত সাম্প্রতিক সময়ে আবারও তীব্র আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD