Logo

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৪১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ আগস্ট, ২০২৬, ১৮:১০
ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৪১
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে সাগরে চলন্ত একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) ২৭১ জন যাত্রী নিয়ে যাত্রা শুরুর কিছুক্ষণ পর ফেরিটিতে আগুন লাগে। দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা বাসারনাস জানিয়েছে, পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাওয়ার পথে মাদুরা দ্বীপের কাছে ফেরিটিতে আগুন ধরে যায়। পরে ফেরির ক্যাপ্টেন দ্রুত কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, লাইফজ্যাকেট পরা বিপুলসংখ্যক যাত্রী একটি উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওতে আগুন ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন ফেরিটির ওপরের অংশ থেকে যাত্রীদের নিচে নামার চেষ্টা করতে দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাসারনাসের এক ভিডিও বার্তায় জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটের দিকে সুরাবায়ার তল্লাশি ও উদ্ধার কার্যালয়ে ফেরিটিতে আগুন লাগার খবর পৌঁছায়। ওই সময় কেএমপি মুতিয়ারা সেন্টোসা-২ নামের ফেরিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা জানানো হয়।

উদ্ধার সংস্থাটি জানিয়েছে, শিপিং কোম্পানির তথ্য অনুযায়ী সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফেরিটির বড় অংশ পুড়ে যায়। উদ্ধারকারী দল পৌঁছানোর আগ পর্যন্ত অনেক যাত্রী ফেরির ব্রিজ ও সামনের অংশ আঁকড়ে ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উদ্ধার তৎপরতা দ্রুত ও নিরাপদে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞাপন

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দ্বীপগুলোর মধ্যে যাতায়াতে ফেরি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পরিবহন ব্যবস্থা। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম ছাড়াই অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ রয়েছে অনেক ফেরির বিরুদ্ধে। এ কারণে দেশটিতে প্রায়ই ফেরি দুর্ঘটনার ঘটনা ঘটে।

সূত্র: এএফপি ও রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD