মোদির ভিডিও মুছে দেওয়ায় জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় মেটা প্রধান মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময়সীমা দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সংসদীয় কমিটি।
বিজ্ঞাপন
নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহার এবং জাকারবার্গের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মেটার ‘সেফ হারবার’ সুবিধা প্রত্যাহার করা হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়েরের সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তরুণদের উদ্দেশে মোদির প্রকাশ করা প্রথম সেলফি ভিডিওটি গত ২৩ জুলাই মেটা সাময়িকভাবে সীমাবদ্ধ করেছিল। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে ভিডিওটি দ্রুত পুনরায় চালু করা হয়। চলতি সপ্তাহের শুরুতে মেটা এ ঘটনার জন্য কারিগরি ত্রুটিকে দায়ী করে দুঃখ প্রকাশ করলেও ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যা গ্রহণ করেনি।
বিজ্ঞাপন
এদিকে শিশু যৌন নিপীড়নসংক্রান্ত কনটেন্ট ঠেকাতে ব্যর্থতার অভিযোগে মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে কঠোর সতর্ক করেছে সংসদীয় কমিটি। গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটকে জানানো হয়েছে, এ-সংক্রান্ত আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য তুলে ধরে নিশিকান্ত দুবে বলেন, শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে। শিশুদের যৌন নিপীড়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নারীদের অশ্লীল কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়াকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে আইন মেনে চলার আহ্বান জানান।
সূত্র: এনডিটিভি








