গালিগালাজ করা বিক্ষোভকারীদের ক্ষমা করে দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনে তাকে গালিগালাজ করা বিক্ষোভকারীদের ক্ষমা করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার ভাষ্য, ওই আন্দোলন তার সরকারের সামনে বিরল রাজনৈতিক সংকট তৈরি করেছিল।
বিজ্ঞাপন
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্দোলনকারীদের ক্ষমা করার কথা জানান তিনি।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে অনলাইনভিত্তিক আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে বড় ধরনের বিক্ষোভ হয়। সাম্প্রতিক বছরগুলোতে এটি মোদি সরকারের জন্য অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে।
আন্দোলনের সময় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গালিগালাজের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর মোদি সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েন আন্দোলনকারীরা। এমনকি প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
বিজ্ঞাপন
মোদি ও তার পরিবারের সদস্যদের নিয়ে করা আপত্তিকর ও বিকৃত কনটেন্ট সরিয়ে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রতিও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
৭৫ বছর বয়সী মোদি শুক্রবার গভীর রাতে প্রকাশিত ভিডিও বার্তায় বলেন, যন্তর মন্তরে কী ঘটেছে, তা দেশ ও বিশ্ব দেখেছে। সেখানে কিছু তরুণ অশালীন ভাষা ব্যবহার করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
মোদি বলেন, এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এমনকি তাকে গালিগালাজের পাশাপাশি তার প্রয়াত মাকেও টেনে আনা হয়েছে। তবে তিনি এসব ঘটনার জন্য সংশ্লিষ্টদের ক্ষমা করে দিতে চান।
আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের করা মামলার প্রসঙ্গ তুলে মোদি বলেন, তরুণদের ভুল আইনি পদক্ষেপের মাধ্যমে নয়, বরং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সংশোধন করা উচিত।
গত মাসে শুরু হওয়া আন্দোলনের প্রধান কারণ ছিল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। পরে সেটি বেকারত্ব ও শাসনব্যবস্থা নিয়ে তরুণদের বৃহত্তর অসন্তোষে রূপ নেয়। আন্দোলনের ধারাবাহিকতায় দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়।
বিজ্ঞাপন
ভারতে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলন শুরু হওয়ার পর তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ইনস্টাগ্রামকে ব্যবহার করছেন মোদি। একই প্ল্যাটফর্মকে কেন্দ্র করেই সিজেপি তাদের সমর্থনের ভিত্তি গড়ে তুলেছিল।
মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় ৯৬ লাখ। অন্যদিকে চলতি বছরের মে মাসে আত্মপ্রকাশ করা সিজেপির অনুসারীর সংখ্যা ২ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে।
সূত্র: এএফপি








