Logo

মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত ২৪ লাখ আফগান মেয়ে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট, ২০২৬, ১৬:৫০
মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত ২৪ লাখ আফগান মেয়ে
ছবি: সংগৃহীত

২০২১ সালে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে দেশটিতে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

বিজ্ঞাপন

সংস্থাটির মতে, তালেবান গোষ্ঠী ক্ষমতায় ফেরার পাঁচ বছর পরও বিপুলসংখ্যক নারী ও শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকায় আফগান সমাজ ও অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। এ প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাও রয়েছে।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত মেয়ের সংখ্যা এ বছর প্রায় ২ লাখ বেড়েছে৷ মেয়েদের মাধ্যমিক শিক্ষায় নিষেধাজ্ঞা বহাল থাকলে ২০৩০ সালের মধ্যে মোট সংখ্যা ২৪ লাখ থেকে বেড়ে প্রায় ৪০ লাখ হয়ে যেতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনেস্কোর ‘জরুরি পরিস্থিতিতে শিক্ষা' বিষয়ক কর্মসূচির সমন্বয়কারী হোদা জাবেরিয়ান বলেন, “বিশ্বে আফগানিস্তানই বিশ্বের একমাত্র, যেখানে মেয়ে ও নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা রয়েছে৷'' তিনি আরো বলেন, ‘‘একটি শিশুর শিক্ষার ক্ষেত্রে পাঁচ বছর সাময়িক বিরতি নয়। এই সময়টা পরিষ্কারভাবেই মাধ্যমিক শিক্ষার প্রায় পুরো একটি পর্যায়ের সমান৷”

বিজ্ঞাপন

‘লিঙ্গভিত্তিক বর্ণবাদ’

দুই দশক ধরে চলা যুদ্ধের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সরে গেলে ২০২১ সালের ১৫ আগস্ট ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতায় ফেরার শুরুতে নারীদের পড়াশোনা চালিয়ে যেতে দেওয়া হবে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছিল তালেবান সরকার। তবে ২০২২ সালের মার্চে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ করা হয়। একই বছরের ডিসেম্বরে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন উভয় সিদ্ধান্তকে ‘সাময়িক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হলেও এখনো এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি তালেবান সরকার।

তালেবান কর্তৃপক্ষের দাবি, ইসলামি আইন ও আফগান সংস্কৃতির নিজস্ব ব্যাখ্যার আলোকে তারা নারীদের অধিকারকে সম্মান করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তালেবানের নিষেধাজ্ঞাগুলো কেবল মেয়ে এবং নারীদের শিক্ষাতেই সীমাবদ্ধ নয়। কর্মসংস্থান ও চলাফেরার ক্ষেত্রেও নারীদের সীমাবদ্ধতা অনেক বেড়েছে৷ আফগানিস্তানের পাবলিক পার্ক, জিম ও বিউটি স্যালনেও এখন নারীদের প্রবেশ নিষেধ।

নারীদের ওপর আরোপ করা এসব নিষেধাজ্ঞার সামগ্রিক ব্যবস্থাকে জাতিসংঘ ‘লিঙ্গভিত্তিক বর্ণবাদ’ হিসেবে অভিহিত করেছে। ক্ষমতায় ফেরার পাঁচ বছর পার হলেও তালেবান প্রশাসনকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে মাত্র একটি দেশ—রাশিয়া।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD