নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী বহনকারী ফ্লোটিলা নৌবহর আটকে দেওয়া এবং এর যাত্রীদের আটক ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
বিজ্ঞাপন
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, শনিবার (২২ আগস্ট) দেশটির বিচার মন্ত্রণালয় এই পরোয়ানা জারি করে। নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আনা হয়েছে বলে জানান তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পরদিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫০ জনের মতো জিম্মি হন বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের অন্যতম কঠোর সমালোচক ছিল তুরস্ক।
গত মে মাসে গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে স্পেন থেকে যাত্রা শুরু করে ফ্লোটিলা নৌবহর। বহরের প্রায় ৫০টি ছোট-বড় নৌযানে ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া ও স্পেনসহ বিভিন্ন দেশের ৪৩০ জন মানবাধিকারকর্মী ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গাজায় পৌঁছানোর আগেই মে মাসে নৌবহরটি আটকে দেয় ইসরায়েল। পরে অভিযাত্রীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে কয়েকজন অভিযাত্রী অভিযোগ করেন, আটক অবস্থায় তারা ইসরায়েলি পুলিশ ও সেনাসদস্যদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
অভিযাত্রীদের অভিযোগের ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়ায় ইতোমধ্যে বিচারিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা নৌবহরের অভিযাত্রীদের ওপর হামলার অভিযোগে নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলি সেনাসদস্য অ্যাফেক মোসকোভিৎজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে তাদের গ্রেপ্তারে লাল নোটিশ জারির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গুরলেকের ভাষ্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত হামলা ও নির্যাতন, সম্পত্তি ধ্বংস, গুরুতর লুটপাট এবং যানবাহন ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে নেতানিয়াহু ও মোসকোভিৎজের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।
সূত্র: এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড








