মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপ কম্পিউটারে আগুন ধরে যাওয়ার ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। ফ্লাইটটি শনিবার যুক্তরাষ্ট্রের আটলান্টা শহর থেকে ডালাসের উদ্দেশে যাচ্ছিল।
বিজ্ঞাপন
ফ্লাইটটির পাইলট সাংবাদিকদের জানান, বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপে হঠাৎ আগুন ধরে যায়। এতে পাঁচজন যাত্রী আহত হন। তবে ফ্লাইটের ক্রু ও অ্যাটেন্ডেন্টরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পাইলট জানান, বিমানটি নিরাপদেই ডালাসের বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। ডালাসে পৌঁছানোরপর আহত এক যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের আঘাত গুরুতর না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফ্লাইটটিতে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেন্ডেন্ট ও যাত্রীসহ মোট ১৩৩ জন ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিমানের ভিতরে আগুন লাগা সত্ত্বেও নিরপদে ফ্লাইটটিকে নিরাপদে গন্তব্যে নিয়ে আসায় পাইলট-কো পাইলট ও ক্রু-অ্যাটেন্ডেন্টদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।
যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ল্যাপটপে যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়, তাহলে বিভিন্ন কারণে সেই ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফ্লাইট চলাকালে ল্যাপটপ বিস্ফোরণ বা আগুন ধরে যাওয়ার ঘটনা নিয়ে মোট ৫৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে। লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকায় এ ধরনের ঘটনা নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সূত্র : সিবিএস, এনডিটিভি








