Logo

গিনিতে বিশাল আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬, ১৩:০৯
গিনিতে বিশাল আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ধসে পড়া আবর্জনার বিশাল স্তূপের নিচে চাপা পড়ে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রবল বর্ষণের কারণে গতকাল রবিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রাজধানী কোনাক্রিতে এ দুর্ঘটনা ঘটে। গিনির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কোনাক্রির গিবেসেয়া এলাকায় থাকা আবর্জনার স্তূপটি এতটাই বড় ও বিশাল যে, এটি অনায়াসে একটি সাধারণ বহুতল ভবনও চাপা দিতে সক্ষম। যেকোনো সময় সেটি ধসে পড়ার আশঙ্কা থাকায় গিনির সরকার আবর্জনার স্তূপটি অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে সেই ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পার হওয়ার আগেই ঘটে গেল ভয়াবহ এই দুর্ঘটনা।

ধসে পড়া জঞ্জালের স্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকারী বাহিনীর সদস্যদের খননযন্ত্র ব্যবহার করতে হয়েছে। দুর্ঘটনায় সিরে দিয়োলো নামের এক নারী তার পাঁচ সন্তানকে হারিয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

“আমি আমার সব সন্তানকে হারিয়েছি। ঈশ্বরের ওপর ভরসা করা ছাড়া আমার আর কোনো পথ নেই”, সাংবাদিকদের বলেছেন সিরে।

বিজ্ঞাপন

গিনি খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। পশ্চিম আফ্রিকার এই দেশটির মাটির তলায় বক্সাইটের সবচেয়ে বড় বৈশ্বিক মজুত রয়েছে। এছাড়া দেশটির লোহার খনিগুলোও উল্লেখযোগ্য। পর্যাপ্ত পরিমাণে লৌহ আকরিক রয়েছে খনিগুলোতে।

তবে বিপুল প্রাকৃতিক সম্পদের অধিকারী হওয়ার পরও গিনির অবকাঠামোগত অবস্থা বেশ দুর্বল। দেশটি বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গিনির জনসংখ্যা ১ কোটি ৫১ লাখ। এর মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করেন।

সূত্র : রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD