ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঞ্জাবে ৫৫ হাজার পুলিশ মোতায়েন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রায় ৪ হাজার ৫০০ সমাবেশ ও মিছিলের নিরাপত্তায় ৫৫ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল করিম জানিয়েছেন, কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটিডি) প্রাদেশিক পুলিশ, আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সমাবেশ ও মিছিলগুলোর ওপর নজরদারি করবে।
তিনি বলেন, ঈদে মিলাদুন্নবীর কর্মসূচিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে নিরাপত্তাব্যবস্থা। একই সঙ্গে দুষ্কৃতকারী ও রাষ্ট্রবিরোধী তৎপরতার ওপর কঠোর নজরদারি চালানো হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানান, প্রদেশজুড়ে ১ হাজার ৪৩৬টি মিলাদুন্নবী সমাবেশ এবং ২ হাজার ৪৭৯টি মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচির নিরাপত্তায় ৫৫ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
প্রাদেশিক রাজধানী লাহোরেও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে ২১৬টি মিছিল ও ১১১টি মিলাদ সমাবেশ আয়োজনের কথা রয়েছে। এসব কর্মসূচির নিরাপত্তায় ৮ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সব মিছিল, সমাবেশ ও জমায়েতে নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন আইজিপি। বিশেষ করে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সেফ সিটি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন সমাবেশ ও মিছিল সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সংশ্লিষ্ট নিরাপত্তা ইউনিটগুলোকে প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন পুলিশ প্রধান।
বিজ্ঞাপন
সূত্র: ডন








