৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু

বসনিয়া যুদ্ধের সময় গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বসনিয়ান সার্ব জেনারেল রাটকো ম্লাদিচ মারা গেছেন। প্রায় ৮ হাজার মুসলমান হত্যার পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে তিনি ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বিজ্ঞাপন
সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এবং বসনিয়ান সার্বদের সরকারি টেলিভিশন ম্লাদিচের মৃত্যুর খবর প্রকাশ করে। পরে জাতিসংঘের এক কর্মকর্তাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের কারাগার হাসপাতালেই ম্লাদিচের মৃত্যু হয়।
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধে সংঘটিত গণহত্যা ও বিভিন্ন নৃশংসতার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৯৫ সালে জাতিসংঘ ঘোষিত বসনিয়ার একটি ‘নিরাপদ এলাকায়’ প্রায় ৮ হাজার মুসলমানকে হত্যার পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার ঘটনায় গণহত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্রেব্রেনিৎসা গণহত্যা হিসেবে পরিচিত ওই হত্যাকাণ্ডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ নৃশংসতার ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ২০১৭ সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ম্লাদিচকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায়ের সময় আদালত তার অপরাধকে মানবজাতির ইতিহাসে পরিচিত সবচেয়ে জঘন্য অপরাধগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছিল।
জীবনের শেষ কয়েক বছর কারাগারেই কাটান ম্লাদিচ। জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রা’দ আল হুসেইন তার দণ্ডাদেশের পর তাকে ‘অশুভের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








