রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একসঙ্গে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর গুদামটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তইমুর তাকাচেঙ্কো হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (২৯ আগস্ট) তিনি জানান, এখন পর্যন্ত ২৭ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলমান থাকায় নিহতের সংখ্যা চূড়ান্ত নয় এবং তা আরও বাড়তে পারে।
তইমুর তাকাচেঙ্কো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আর এ সংখ্যাটি চূড়ান্ত নয়, এটি বাড়তে পারে। আমি নিহতদের পরিবার ও প্রিয়জনদের কাছে সমবেদনা জানাচ্ছি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার একটি ড্রোন গুদামটিতে আঘাত হানার পর সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ধারণা করা হচ্ছে ওই গুদামের ভেতর অস্ত্র অথবা বিস্ফোরক রাখা হয়েছিল। জেলেনস্কি বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি। তবে তিনি বলেছেন, কোনো বাড়ি অথবা আবাসিক এলাকায় অস্ত্র বা বিস্ফোরক রাখা যাবে না। ওই গুদামে এগুলো রাখা ছিল কি না তা এখন তদন্ত করা হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ইউক্রেনের কিয়েভে একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। যেখানে ড্রোন উৎপাদনের উপকরণ ছিল।
বিজ্ঞাপন
গত কয়েকদিন ধরে রাশিয়া কিয়েভে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। মূলত ইউক্রেন রাশিয়ার বাণিজ্য স্থাপনাকে টার্গেট করায় মস্কোও পাল্টা ব্যবস্থা হিসেবে বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।
সূত্র: সিএনএন








