Logo

ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারসহ নিহত ৫, নেতানিয়াহুর প্রশংসা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬, ১৪:৩২
ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারসহ নিহত ৫, নেতানিয়াহুর প্রশংসা
ছবি: সংগৃহীত

গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় হামাসের দুই কমান্ডার ও একজন দক্ষ স্নাইপারসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে পশ্চিম তীরের জেনিনে বিমান হামলায় আরও তিনজন নিহত হওয়ার তথ্যও দিয়েছে আইডিএফ।

বিজ্ঞাপন

আইডিএফের দাবি, জাবালিয়ায় নিহতদের একজন আবদ আল-ফাত্তাহ আবু আল-ঈশ। তিনি হামাসের নুখবা বাহিনীর কমান্ডার ছিলেন এবং ৭ অক্টোবরের হামলার সময় ইসরায়েলে প্রবেশ করেছিলেন।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) গাজায় অভিযান চালিয়ে নুখবা কোম্পানির কমান্ডার হানি আবদ আল-হাই ফাখরি মাজলুম এবং হামাসের স্নাইপার হাসান জিদান হাসান দেইরিকে হত্যার কথা জানায় ইসরায়েলি বাহিনী।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, মাজলুম ও দেইরি হামাসের কাছে অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা এবং হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কর্মকাণ্ডেও তারা জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

একই দিনে পশ্চিম তীরে একটি গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এতে জেনিনের একজন জ্যেষ্ঠ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

আইডিএফ ও ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (শিন বেত) এক যৌথ বিবৃতিতে জানায়, নিহতদের একজন কাইস বিতওয়ানি। তিনি বিলুপ্ত জেনিন সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হামাসের সদস্য ছিলেন। তিনি জেনিনের সাবেক বিদ্রোহী নেটওয়ার্কের কমান্ডার নূর বিতাওয়ির আত্মীয় ছিলেন। ২০২৫ সালের মে মাসে আইডিএফের অভিযানে নূর বিতাওয়ি নিহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসরায়েলি বাহিনীর দাবি, কাইস বিতওয়ানি ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গাজায় হামাসের সদস্যদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের কিছু সহযোগীর সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে দাবি করেছে আইডিএফ।

বাহিনীটি আরও জানায়, বিতওয়ানির গাড়িতে থাকা অন্য দুজনও তার সহযোগী ছিলেন। গাড়িটি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিতওয়ানিকে লক্ষ্য করে অভিযানের আগে শিন বেত ও সামরিক গোয়েন্দা অধিদপ্তর দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালায়। তার সঙ্গে যোগাযোগ ছিল এমন সন্দেহে কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিতওয়ানির অবস্থান শনাক্ত করা হয় বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

আইডিএফের দাবি, ২০২৪ সালের জুলাইয়ে গিলবোয়া সিম এলাকায় একটি বোমা হামলাতেও বিতওয়ানি সরাসরি জড়িত ছিলেন। ওই ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মী আহত হন। এ ছাড়া ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আরও কয়েকটি হামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

নেতানিয়াহু ও কাটজের প্রশংসা

জেনিনে ‘সফলভাবে সন্ত্রাসীদের প্রতিহত’ করার জন্য আইডিএফকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

এদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও আইডিএফ, ইসরায়েল পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই অভিযানকে পশ্চিম তীরে ইসরায়েল সরকারের ‘আক্রমণাত্মক ও সক্রিয় নীতির’ ফল হিসেবে উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD