ইরান যুদ্ধে ইসরায়েলের হাজারের বেশি সেনা নিহত: তেহরান

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের এক হাজারের বেশি সামরিক সদস্য নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। একই সংঘাতে যুক্তরাষ্ট্রেরও শতাধিক সেনা নিহত এবং কয়েক হাজার আহত হওয়ার দাবি করেছেন তিনি।
বিজ্ঞাপন
সাম্প্রতিক ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে ডেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন শেকারচি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মূলত মুসলিম দেশগুলোর সম্পদ লুট করার উদ্দেশ্যে গড়ে ওঠা একটি প্রচারণানির্ভর বাহিনী। তাঁর দাবি, ইরানের সবচেয়ে বড় অর্জন হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির দুর্বলতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
শেকারচি বলেন, এর ফলে বিশ্ববাসী দুই দেশের সামরিক বাহিনীর মনোবল ভেঙে পড়ার বিষয়টি দেখতে পেয়েছে। এমনকি যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের অনেকেই ওয়াশিংটনের ওপর আস্থা হারিয়েছে বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের ওপর নিজেদের নিরাপত্তার জন্য নির্ভর করে, তারা এখন বুঝতে পারছে নিজেকেই রক্ষা করতে অক্ষম যুক্তরাষ্ট্র তার মিত্রদেরও সুরক্ষা দিতে পারবে না।
যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি নিয়ে শেকারচি বলেন, বিভিন্ন প্রমাণ ও আলামতের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের শতাধিক সামরিক সদস্য নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন।
বিজ্ঞাপন
একইভাবে ইসরায়েলের সামরিক ক্ষয়ক্ষতি তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসনে ১ হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন।
তবে এসব দাবির পক্ষে তিনি বিস্তারিত কোনো প্রমাণ দেননি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকৃত সামরিক হতাহতের সংখ্যা গোপন করছে বলেও অভিযোগ করেন তিনি।
উদাহরণ হিসেবে আফগানিস্তান ও ইরাক যুদ্ধে মার্কিন সেনাদের মৃত্যুর তথ্য অনেক বছর পর প্রকাশ করা হয়েছিল বলে দাবি করেন শেকারচি।
বিজ্ঞাপন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন ইরানের এই সামরিক মুখপাত্র।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট, তার সমর্থক ও মিত্ররা এখন অশুভ ও পাপের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন। হরমুজ প্রণালিকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করার যেকোনো প্রচেষ্টা ইরান মেনে নেবে না।
শেকারচি বলেন, হরমুজ প্রণালি তাদের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচিত হবে তারা কেবল এমন স্বপ্নই দেখতে পারে। তবে তা কখনোই বাস্তবে রূপ নেবে না। ইরান পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এ সময় ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে নিহত শিক্ষার্থী, লার শহরের নিহত ব্যক্তি এবং সংঘাতে প্রাণ হারানো অন্য নিরপরাধ ইরানিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকিও দেন শেকারচি।
তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় কম-বেশি হতে পারে, কিন্তু প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি








