Logo

নেপালের বন্যায় ভেসে আসা অস্বাভাবিক মাছ, না খাওয়ার আহ্বান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৫
নেপালের বন্যায় ভেসে আসা অস্বাভাবিক মাছ, না খাওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে গত বুধবার ভয়াবহ আকস্মিক বন্যার পর অস্বাভাবিক আকারের বেশ কিছু বড় মাছ ভেসে এসেছে। বন্যার পানির প্রবল স্রোতে এসব মাছ ভারতের বিহার রাজ্যেও পৌঁছেছে। স্থানীয়দের অনেকে মাছগুলো ধরছেন, খাচ্ছেন এবং বিক্রিও করছেন।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে বন্যার পানিতে ভেসে আসা অস্বাভাবিক আকারের মাছ খাওয়া ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিহার সরকার।

সোমবার জনসচেতনতামূলক এক সতর্কবার্তায় বিহার সরকারের ডেইরি বিভাগের মৎস্য শাখা জানায়, এসব মাছ খাওয়ার পর কয়েকজন অসুস্থ হওয়ার তথ্য তারা পেয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারি কর্মকর্তারা বলছেন, বন্যার পানির স্রোতে পুকুর, নদী, হ্রদসহ বিভিন্ন জলাশয় থেকে মাছ ভেসে যেতে পারে। এভাবে মাছগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন এলাকায় পৌঁছাতে পারে। পথে দূষিত ড্রেনের পানি, মৃত প্রাণী ও অন্যান্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসায় মাছের শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের সংক্রমণ ঘটতে পারে।

তাই মাছগুলো নিরাপদ কি না নিশ্চিত না হওয়া পর্যন্ত অপরিচিত বা অস্বাভাবিক এসব মাছ না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে সরাসরি বন্যার পানি থেকে মাছ ধরার বিষয়েও মানুষকে সতর্ক করা হয়েছে।

বন্যার পর বিহারের গন্ধক নদীতেও বড় আকারের বিভিন্ন মাছ দেখা যাচ্ছে। এর মধ্যে বেশ কিছু বড় মাগুর মাছও রয়েছে।

বিজ্ঞাপন

ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার পরিচালক সমীর কুমার সিনহা জানান, বিহারে সবচেয়ে বেশি মাগুর মাছ দেখা গেছে। ভারতে এ মাছ সাধারণত খাওয়া হলেও তিনি সতর্ক করে বলেন, মাগুর মাছ মারা যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই পচন ধরতে পারে। ফলে খাওয়ার আগে মাছটি পচে গেছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

সূত্র: নিউজ-১৮

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD