১০০ বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় এবার স্থান পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের ছবি সংবলিত বিশেষ ১ ডলারের মুদ্রা উন্মোচন করেছে মার্কিন সরকারি টাকশাল ইউএস মিন্ট।
বিজ্ঞাপন
বুধবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা নতুন এই মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি ইংরেজি অক্ষরে ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা রয়েছে।
ইউএস মিন্ট জানিয়েছে, মুদ্রাটি সাধারণ লেনদেনের জন্য ব্যাপকভাবে বাজারে ছাড়া হচ্ছে না। তবে কোনো কেনাকাটায় এটি ব্যবহার করা হলে তা যুক্তরাষ্ট্রে বৈধ অর্থ হিসেবেই গণ্য হবে।
সাধারণভাবে মার্কিন ফেডারেল আইনে জীবিত কোনো ব্যক্তির ছবি সরকারি মুদ্রায় ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটির ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রণীত বিশেষ আইনি বিধানের আওতায় এই স্মারক মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংগ্রাহকদের জন্য ২৫টি মুদ্রার একটি রোলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার। আর ১০০টি মুদ্রার একটি ব্যাগের দাম রাখা হয়েছে ১৫৪ ডলার ৫০ সেন্ট। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইউএস মিন্টের ওয়েবসাইটে মুদ্রাগুলোর মজুত শেষ হয়ে যায়। ওয়াশিংটন ডিসিতে ইউএস মিন্টের বিক্রয়কেন্দ্রেও মুদ্রা সংগ্রহে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।
ইউএস মিন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জাতীয় মাইলফলক উদযাপনের অংশ হিসেবেই এই স্মারক মুদ্রা তৈরি করা হয়েছে। বিরল নকশার কারণে এটি আধুনিক সংগ্রাহকদের কাছেও বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
দেখতে সোনালি রঙের হলেও মুদ্রাটিতে কোনো খাঁটি সোনা ব্যবহার করা হয়নি। টাকশালের তথ্য অনুযায়ী, মুদ্রাটিতে ৮৮ দশমিক ৫ শতাংশ তামা রয়েছে। বাকি অংশ দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেলের মিশ্রণে তৈরি।
এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ২৫০ ডলারের একটি নতুন ব্যাংক নোট প্রকাশের পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। সে সময় তিনি বলেছিলেন, মার্কিন ইতিহাসে জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহারের ঘটনা এটিই প্রথম নয়।
১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি স্মারক আধা-ডলার মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি ব্যবহার করা হয়েছিল।
বিজ্ঞাপন
ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত নতুন মুদ্রার ক্ষেত্রে তার প্রথম মেয়াদে পাস হওয়া ‘সার্কুলেটিং কালেক্টেবল কয়েন রিডিজাইন অ্যাক্ট ২০২০’-এর আইনি ব্যাখ্যাও সামনে এনেছে মার্কিন প্রশাসন। আইন অনুযায়ী, মুদ্রার পেছনের অংশে জীবিত ব্যক্তির ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সামনের অংশ নিয়ে একই ধরনের স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। নতুন ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের ছবি সামনের অংশেই রাখা হয়েছে।
এদিকে গত মার্চে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির কাগজের নোটে শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে। দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর মার্কিন মুদ্রায় যুক্ত করার ঘটনাও দেশটির ইতিহাসে প্রথম বলে জানানো হয়েছিল।
সূত্র: বিবিসি, এপ








