Logo

শুধু পিঠ চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয় যুবকের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৫
শুধু পিঠ চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয় যুবকের
ছবি: সংগৃহীত

পিঠের চুলকানি মেটানোর অভিনব সেবাকে ব্যবসায় রূপ দিয়ে মাসে প্রায় ১ লাখ ইউয়ান, বাংলাদেশি টাকায় প্রায় ১৮ লাখ ২৫ হাজার টাকা আয় করছেন চীনের শেনজেন শহরের ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শাওছিয়াও। পিঠ চুলকানোর এই ব্যতিক্রমী ব্যবসা এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঝাংয়ের প্রতিষ্ঠিত ‘সুমা’ নামের স্পা-ধাঁচের প্রতিষ্ঠানে গ্রাহকদের জন্য নির্ধারিত শয্যার ব্যবস্থা রয়েছে। সেখানে শুয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে পিঠ চুলকানোর বিশেষ সেবা নেন গ্রাহকরা। এ কাজে কর্মীদের হাতে থাকে বিশেষভাবে তৈরি সুচালো নখ। প্রতি এক ঘণ্টার এই সেবার জন্য গ্রাহককে দিতে হয় ৩০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেনজেনের বাওআন ও ফুসিয়ান এলাকায় দুটি শাখা চালু করে অল্প সময়ের মধ্যেই লাভজনক এই ব্যবসার সূচনা করেন ঝাং। দীর্ঘ কর্মঘণ্টা ও মানসিক চাপে থাকা তথ্যপ্রযুক্তি খাতের কর্মীরাই মূল গ্রাহক হলেও গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং বাকিরা নারী।

একটি অনলাইন ভিডিও দেখে এবং শৈশবে বাবার পিঠ চুলকে দেওয়ার স্মৃতির অনুপ্রেরণায় ঝাং এই ধারণাকে ব্যবসায় রূপ দেন। তিনি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে সুনির্দিষ্ট কৌশল শেখান যা গ্রাহকদের স্নায়ু শিথিল করে এবং ভালো ঘুমে সাহায্য করে।

বর্তমানে ব্যবসা শুরুর প্রাথমিক খরচ তুলে নেওয়ার পর দেশজুড়ে ‘সুমা’র ১০০টি শাখা চালুর স্বপ্ন দেখছেন ঝাং শাওছিয়াও। একই সঙ্গে পিঠ চুলকানোর মতো সেবাকে একটি মর্যাদাপূর্ণ ও স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যও রয়েছে তার।

বিজ্ঞাপন

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে, শরীরের কোনো অংশ চুলকালে স্নায়ু উদ্দীপিত হয় এবং এর মাধ্যমে মস্তিষ্কে আরামের অনুভূতি তৈরি হতে পারে। তবে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক চুলকানি কোনো রোগের লক্ষণও হতে পারে। তাই এ ধরনের সমস্যা দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উপযুক্ত।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD