দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপের নিচে আটকা বহু মানুষ

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতনে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে ভবনের ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটি ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
বিজ্ঞাপন
রবিবার দুপুর দেড়টার দিকে পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত ভবনটি হঠাৎ ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মী ও অন্যান্য উদ্ধারকারী দলের সদস্যরা। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
এক সরকারি প্রতিনিধি জানিয়েছেন, ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বা কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ভবন ধসের সময় সেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিলেন। তবে রবিবার ছুটির দিন হওয়ায় তাদের অধিকাংশই ভবনের বাইরে কিংবা নিজ নিজ বাড়িতে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী জানিয়েছেন, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের সাহায্যের জন্য চিৎকার শুনেছেন। এতে সেখানে আরও মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা জোরালো হয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে ধসে পড়া ভবনের চারপাশে বিপুলসংখ্যক মানুষের ভিড় দেখা গেছে। দমকলকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কংক্রিটের স্ল্যাবের নিচে একজনকে আটকে থাকতে দেখা যায়। তাকে উদ্ধারে স্থানীয়রা স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
উদ্ধার অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে অন্তত ১২টি দমকলের গাড়ি পাঠানো হয়েছে। ধসে পড়া ভবনের কংক্রিটের স্ল্যাব ও গার্ডার সরাতে একটি এক্সকাভেটরও ব্যবহার করা হচ্ছে। দমকল বাহিনীর পাশাপাশি দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
ঘটনাস্থলে থাকা স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ভবনের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোনে যোগাযোগ করছেন। ফলে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








