পাঞ্জাবের জন্য অন্য প্রদেশগুলোই বড় হুমকি: মরিয়ম নওয়াজ

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশের অন্য প্রদেশগুলোর সীমান্ত থেকেই পাঞ্জাব বেশি নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে। শনিবার লাহোরে এআই প্রযুক্তিবিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রাদেশিক সীমান্ত ব্যবহার করেই পাঞ্জাবে সন্ত্রাসবাদ প্রবেশ করছে।
বিজ্ঞাপন
মরিয়ম নওয়াজ বলেন, ২০২৪ সালে তার সরকার দায়িত্ব নেওয়ার পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে সংগঠিত অপরাধ ও ধর্মীয় অসহিষ্ণুতা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ধর্মের আড়ালে কিছু গোষ্ঠী মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে পাঞ্জাব সরকার প্রযুক্তিখাতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে বলে জানান মরিয়ম। নিরাপত্তা ব্যবস্থায় বুলেটপ্রুফ ক্যামেরা, থার্মাল ক্যামেরা ও ড্রোন যুক্ত করা হয়েছে। তার দাবি, অতীতে চেকপোস্টে হামলার ঘটনায় একসঙ্গে ৫ থেকে ১০ জন পর্যন্ত প্রাণ হারালেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে বর্তমানে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমেছে।
মরিয়ম আরও বলেন, সিন্ধু সরকারের সহযোগিতা এবং সামরিক বাহিনীর সহায়তায় কাচ্চা অঞ্চলে সন্ত্রাস, অপহরণ ও বিভিন্ন ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ওই এলাকায় রাষ্ট্রের কর্তৃত্বও প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে পাঞ্জানের মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, সন্ত্রাসবাদ পুরো পাকিস্তানের জাতীয় সমস্যা। একটি প্রদেশকে অন্য প্রদেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়।
তার মতে, মরিয়ম নওয়াজের বক্তব্য জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সংকীর্ণ প্রাদেশিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখার প্রবণতা তুলে ধরেছে।
বিজ্ঞাপন
ওয়াকাস আকরাম আরও বলেন, পাকিস্তানের নিরাপত্তা সংকট মোকাবিলায় প্রাদেশিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের সব নাগরিককে সমান গুরুত্ব দিতে হবে।
সূত্র: ডন








